২৯ মে, ২০২৬
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় দল। কোচ লিওনেল স্কালোনি ২৬ সদস্যের দলে খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করেছেন। বরাবরের মতোই দলের অধিনায়ক লিওনেল মেসি এবারও মাঠে নামবেন তার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে।
মেসি প্রথম বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেছিলেন ২০১০ সালে। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন এই তারকা ফুটবলার। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও একই নম্বরে খেলেন তিনি। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে তার নেতৃত্বেই দীর্ঘ অপেক্ষার পর বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
এবার নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কোনো খেলোয়াড় এতবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেননি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। সেই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন বর্তমান অধিনায়ক।
জার্সি নম্বর অনুযায়ী আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা হলেন- ১ নম্বরে হুয়ান মুসো, ২ নম্বরে লিওনার্দো বালের্দি, ৩ নম্বরে নিকোলাস তাগলিয়াফিকো, ৪ নম্বরে গনসালো মন্তিয়েল, ৫ নম্বরে লিয়ান্দ্রো পারেদেস, ৬ নম্বরে লিসান্দ্রো মার্টিনেজ, ৭ নম্বরে রদ্রিগো ডি পল, ৮ নম্বরে ভ্যালেন্তিন বার্কো, ৯ নম্বরে হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে লিওনেল মেসি।
এছাড়া ১১ নম্বরে জিওভানি লো সেলসো, ১২ নম্বরে জেরোনিমো রুলি, ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ নম্বরে এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস, ১৬ নম্বরে থিয়াগো আলমাদা, ১৭ নম্বরে জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে নিকো পাজ, ১৯ নম্বরে নিকোলাস ওতামেন্দি এবং ২০ নম্বরে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার রয়েছেন।
দলের বাকি খেলোয়াড়দের মধ্যে ২১ নম্বরে হোসে ম্যানুয়েল লোপেস, ২২ নম্বরে লাউতারো মার্টিনেজ, ২৩ নম্বরে এমিলিয়ানো মার্টিনেজ, ২৪ নম্বরে এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বরে নাহুয়েল মোলিনা খেলবেন।