২৯ মে, ২০২৬
আইপিএল ম্যাচ চলাকালীন খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নতুন কড়া নিয়ম জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস জোন (পিএমওএ) এলাকায় স্মার্টওয়াচ ও স্মার্ট সানগ্লাস ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে। ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির ঝুঁকি কমাতেই বোর্ডের এই সতর্কতামূলক সিদ্ধান্ত।
বিসিসিআইয়ের দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (এসিইউ/আকসু) এই নির্দেশনা দিয়েছে। সম্প্রতি এসিইউ লক্ষ্য করেছে যে, কিছু কোম্পানি আইপিএলে যুক্ত খেলোয়াড় ও দলীয় কর্মকর্তাদের কাছে এ ধরনের উন্নত ডিভাইস বিক্রির চেষ্টা করছে। এসব স্মার্ট গ্লাস ও ঘড়ি ওয়াইফাই কিংবা মোবাইল ডেটার মাধ্যমে লাইভ স্ট্রিমিং, টেক্সট মেসেজ, অডিও-ভিডিও কল করতে সক্ষম। ফলে ম্যাচ চলার সময় বাইরের কারও সঙ্গে যোগাযোগ করে ফিক্সিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে বলে বোর্ড মনে করছে।
পিএমওএ জোনে রয়েছে ড্রেসিং রুম, খেলোয়াড়দের ম্যাচ দেখার এলাকা, টিভি থার্ড আম্পায়ার রুম, ম্যাচ রেফারির কক্ষ, খাবারের জায়গা, ডাগআউটসহ বিসিসিআই নির্ধারিত বিভিন্ন স্পর্শকাতর এলাকা। তবে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। ড্রেসিং রুমে শুধু টিম ম্যানেজার ফোন ব্যবহার করতে পারবেন। আর ডাগআউটে পারফরম্যান্স অ্যানালিস্ট কম্পিউটার ব্যবহারের অনুমতি পাবেন।
এর আগে একটি ঘটনায় বিতর্ক দেখা দেয়। গত ১০ এপ্রিল রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রমি বিন্দরকে ডাগআউটে ফোন ব্যবহার করতে দেখা যায়। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের ১১তম ওভার চলার সময় ক্যামেরায় ধরা পড়ে তিনি পকেট থেকে ফোন বের করছেন। তার পাশেই ছিলেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী, যিনি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়েও ছিলেন।
তদন্ত শেষে বিসিসিআই রমি বিন্দরকে এক কোটি টাকা জরিমানা করে।