ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

৩০ মে, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ফেসবুকে ভিডিও করে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন গ্রামবাসী আহত হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টার সময় ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে টিকটকার আকরাম শেখ চুমুরদী ইউনিয়ন পরিষদে গিয়ে ঈদের চাল আত্মসাৎ করেছে চেয়ারম্যান সোহাগ মোল্লা এমন একটি ভিডিও করে ফেসবুকে প্রচার করে। ভিডিও প্রকাশ হওয়ার পর ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল চুমুরদী ইউনিয়ন পরিষদে সত্যতা যাচাই করতে যান। তিনি চেয়ারম্যান ও আনোয়ার উদ্দিন মেম্বারকে ফোন করে চালের বিষয় তথ্য জানতে চান।

আকরাম শেখ পুরোপুরি তথ্য না জেনে মিথ্যা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লার নজরে পড়লে তিনি ক্ষুব্ধ হন। চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ মোল্লার বাড়ি ও টিকটকার আকরামের বাড়ি বাবনাতলা গ্রামে।

এ ঘটনার জের ধরে আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বাবনাতলা বাসস্ট্যান্ডে টিকটকার আকরামকে ওই মিথ্যা ও অপপ্রচার করে ফেসবুকে ভিডিও ছাড়ার কারণ জিজ্ঞাসা করে সোহাগ চেয়ারম্যানের ভাই চন্দন মোল্লা। ২ জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় আকরাম ও চন্দন মোল্লার মধ্যে হাতাহাতি, পরে মারামারির ঘটনা ঘটে।

এ খবর গ্রামের ছড়িয়ে পড়লে আকরাম শেখের দলের মাতুব্বর শাহাবুদ্দিন মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবনাতলা বাসস্ট্যান্ডে জড়ো হয় এবং অপরদিকে চন্দন মোল্লার দলের সোহাগ চেয়ারম্যানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবনাতলা বাসস্ট্যান্ডে জড়ো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে ২৫ জন গ্রামবাসী আহত হয়। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লা বলেন, আমাদের বাবনাতলা গ্রামের টিকটকার আকরাম শেখ তথ্য না জেনে আমার বিরুদ্ধে একটি ভিডিও ফেসবুকে অপপ্রচার করে আমার সম্মান ক্ষুণ্ণ করেছে। আজকে সন্ধ্যায় আকরাম শেখকে আমার ভাই চন্দন এ বিষয় জিজ্ঞাসা করলে, সে উত্তেজিত হয়ে তার উপর উপর হামলা চালায়। তখন দুই পক্ষের লোকজন এই সংঘর্ষ শুরু হলে বেশ কিছু লোকজন আহত হয়।

ভাঙ্গা থানা ওসি মো. মিজানুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।