৩১ মে, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাবি ও দেড় বছরের ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে ইউসুফ (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বাচামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাচামারা গ্রামের আব্দুস সালামের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছরের ছেলে মো. আসাওয়াদ। হামলায় গুরুতর আহত হয়েছেন আমেনার স্বামী আব্দুস সালাম। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত ইউসুফ ওই গ্রামের সুলতানের ছেলে।
ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত ইউসুফ দেশীয় অস্ত্র নিয়ে বড় ভাইয়ের পরিবারের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম ও শিশু আসাওয়াদের মৃত্যু হয়। তাদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন আব্দুস সালাম।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপ্ন কুমার সরকার। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।