বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

৩১ মে, ২০২৬

সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়ায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ।

নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভেরা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি নগরীর কোতোয়ালী থানাধীন রায়নগর দপ্তরীপাড়ার সাকেরের কলোনিতে বসবাস করতেন।

আটক মো. হাবিল (২৫) শাহপরাণ (রহ.) থানার বালুচর এলাকার মো. আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে জুয়েল ও হাবিলের মধ্যে পূর্ব শত্রুতার জেরে বাগবিতণ্ডা ও পরে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে পাশের গোয়ালীছড়া খালে ফেলে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে গলা, বুক ও পিঠে এলোপাথাড়ি আঘাত করে বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত হাবিলকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।