৩১ মে, ২০২৬
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে আড়াই মাস বয়সের শিশু আব্দুল্লা আল আয়ানের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না দেওয়ার কারণেই প্রাণ হারিয়েছে শিশুটি।
রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে শহরের কানছগাড়ী এলাকায় অবস্থিত সৃষ্টি জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটে। নিহত আয়ান জেলার সোনাতলা উপজেলার পূর্ব ভেলুরপাড়া এলাকার সিঙ্গাপুরপ্রবাসী আব্দুল আহাদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঈদের পরদিন ডায়রিয়ায় আক্রান্ত হলে শিশুটিকে সৃষ্টি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিনের চিকিৎসায় তার অবস্থার উন্নতিও হচ্ছিল। স্বজনদের দাবি, শনিবার (৩০ মে) রাত পর্যন্ত আয়ান অনেকটাই সুস্থ ছিল। রাতে ডাক্তার স্যালাইন আর ইনজেকশন লিখে দেন।
আমরা নার্সদের বারবার বলেছি। কিন্তু তারা বলে সকালে দেওয়া হবে। পরে আর সেগুলো দেওয়া হয়নি। সকালে দেখি আয়ান আর নেই।
তারা বলেন, কর্তব্যরত চিকিৎসক রাতেই কিছু জরুরি ওষুধ ও স্যালাইন দেওয়ার নির্দেশ দিলেও তা প্রয়োগ করা হয়নি। দায়িত্বে থাকা নার্সরা বিষয়টি গুরুত্ব না দিয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু সকাল হওয়ার আগেই নিভে যায় আড়াই মাস বয়সী শিশুটির জীবনপ্রদীপ।
এদিকে হাসপাতালের করিডোরে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা নিশাত। সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে তিনি বারবার বলতে থাকেন।
আমার বাচ্চাটামে মেরে ফেলে দিয়েছে। সন্তান হারানোর সেই আর্তনাদ উপস্থিত সবার হৃদয় ভারী করে তোলে।
পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, শিশুটির মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রভাবিত করারও চেষ্টা করা হয়েছে।
সৃষ্টি জেনারেল হাসপাতালের সহকারী ম্যানেজার আনোয়ার হোসেন জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে শিশুটি ভর্তি ছিল। এসে শুনি মারা গেছে। তবে ভুল চিকিৎসা বা অবহেলার অভিযোগ সম্পর্কে তিনি কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেননি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নার্সের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এস এম নূর-ই-শাদীদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।