জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

৩১ মে, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি জাপান শাখার উদ্যোগে টোকিওতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী ব্যারিস্টার নুসরাত খান। সভাপতিত্ব করেন বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা।

ইশরাক হোসেন তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের কাছে তার অবদান যথাযথভাবে পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য দেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মিঠু, উপদেষ্টা মোফাজ্জল হোসাইন ও দেলোয়ার হোসেন ডিউ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, যুগ্ম সম্পাদক হোসেন হায়দার, কাজী সাদেকুল হায়দার বাবলু, জুয়েল পাঠান, রাজীব জামান, ওমর ফারুক রিপন, টুটুল ইব্রাহিম, অর্থবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম হেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন এবং যুব বিষয়ক সম্পাদক ইমরান আল ইমু প্রমুখ।   

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি, যিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গঠন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন।

পরে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এ সময় জাপানের বিভিন্ন প্রিফেকচার ও জেলা থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।