৩১ মে, ২০২৬
সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে অপর একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৩১ মে) ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও হেলপার ইমন (২০)। নিহত সোহেল নরসিংদী সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যাতায়াত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সিলেটমুখী হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় একই দিকে যাওয়া ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি দ্রুতগতির বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে দুই বাস দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক সোহেলের মৃত্যু হয়। গুরুতর আহত হেলপার ইমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে ও স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।