গোয়ালন্দের দৌলতদিয়ায় ভূমি অফিসের কম্পিউটার-ল্যাপটপ চুরি

৩১ মে, ২০২৬

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খাঁনের দোকান থেকে অফিসের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মো. হালিম নামে চেয়ারম্যান প্রার্থীর শ্যালককে আটক করেছে পুলিশ।

 রবিবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ভূমি অফিসে চুরির বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, ২৬ মে (মঙ্গলবার) অফিস শেষে অফিসের প্রতিটি রুম ও প্রধান ফটকে তালা দিয়ে অফিস ত্যাগ করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন গাঙ্গুলী। রবিবার সকালে অফিসে এসে দরজার তালা ভাঙা ও জানালা কাটা অবস্থায় দেখতে পান। চোরেরা অফিস থেকে কম্পিউটার, ল্যাপটপ, পানির মোটরসহ ১১টি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দৌলতদিয়া মহাসড়কের পাশে অবস্থিত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খানের ভাড়া নেওয়া ভাঙারির দোকানে অভিযান চালায়। সেখান থেকে ভূমি অফিসের চুরি হওয়া মোটর ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, দৌলতদিয়া ইউনিয়নে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। চুরি হওয়া এসব পণ্য ভাঙারির দোকানে বিক্রি হয়।

থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় অনেকটা নিরাপদেই ভাঙারির দোকানে চুরি হওয়া পণ্য বিক্রি হয়। ভাঙারির দোকান মালিকেরা প্রভাবশালী হওয়ার কারণে দিন দিন চুরির ঘটনা বাড়ছে।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খাঁন বলেন, আমার সঙ্গে স্থানীয় শহিদ নামে এক ব্যক্তির শত্রুতা রয়েছে। আমার ধারণা, তারা আমাকে ফাঁসাতে সরকারি অফিসের চোরাই পণ্য দোকানে রেখে গেছেন।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, আমাদের দৌলতদিয়া ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সুমন গাঙ্গুলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করবেন।

চুরির ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।