০১ জুন, ২০২৬
নিজেকে পরিপাটি আর আকর্ষণীয় করে তুলতে নখ সাজানোর জুড়ি নেই। গত কয়েক বছরে তো নেইল আর্ট রীতিমতো একটা উন্মাদনায় পরিণত হয়েছে। লম্বা, চোখা নখে বাহারি রং, পাথর, মুক্তা এই চল এখন সবখানে। প্রিয় তারকাদের চকচকে সুন্দর নখ দেখে অনেকেই এখন নিয়মিত পার্লারে ছুটছেন।
নখ সাজানোর এই বিশাল বাজারের আকারও তাই দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সৌন্দর্যের এই প্রতিযোগিতায় মেতে আমরা কি নিজেদের অজান্তেই বড় কোনো স্বাস্থ্যঝুঁকি ডেকে আনছি? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই, বিশেষ করে যখন শোনা যাচ্ছে নেইলপলিশ থেকে ক্যানসারের মতো ভয়াবহ রোগ হতে পারে!
সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই নেইলপলিশ আর ক্যানসারের এই গুঞ্জন শোনা যায়। তবে এটি কি নিছকই গুজব, না কি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে?
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ বা ঐতিহ্যবাহী নেইলপলিশগুলোতে এমন কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে— যেমন ফরমালডিহাইড, ডিবিপি (DBP) এবং টলুইন— যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ফরমালডিহাইডকে সরাসরি ক্যানসার সৃষ্টিকারী উপাদান বা 'গ্রুপ-১ কার্সিনোজেন' হিসেবে চিহ্নিত করেছে।
তবে কি নখ সাজানো একদম ছেড়ে দিতে হবে? বিষয়টি ঠিক তেমন নয়। ভারতের সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. বর্তিকা বিশ্বানির মতে, যারা শখের বশে মাঝেমধ্যে নেইলপলিশ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি বেশ কম। কিন্তু আসল বিপদে আছেন পার্লার কর্মীরা। প্রতিদিন এসব তীব্র রাসায়নিকের গন্ধ শ্বাসের মাধ্যমে গ্রহণ করার ফলে তাদের গলার ক্যানসারের ঝুঁকি অনেক বেড়ে যায়। অর্থাৎ, ক্যানসারের ঝুঁকি নির্ভর করছে আপনি কতক্ষণ ও কত ঘন ঘন এই রাসায়নিকগুলোর সংস্পর্শে আসছেন তার ওপর।
নেইলপলিশের উপাদানের পাশাপাশি নখ শুকানোর পদ্ধতি নিয়েও শঙ্কা রয়েছে। পার্লারগুলোতে দ্রুত নখ শুকানোর জন্য আজকাল প্রায়ই আল্ট্রা বায়োলেট (UV) ল্যাম্প ব্যবহার করা হয়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, এই অতিবেগুনি রশ্মি কোষের ডিএনএ-তে পরিবর্তন ঘটাতে পারে, যা ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। যদিও এটি আপাতত ল্যাবরেটরিতে প্রমাণিত, মানুষের ওপর এর প্রভাব নিয়ে গবেষণা এখনো চলছে, তবুও বাড়তি সতর্কতা মেনে চলা বুদ্ধিমানের কাজ।
সৌন্দর্যচর্চা করতে গিয়ে নিশ্চয়ই কেউ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে চান না। একটু সচেতন হলেই কিন্তু এই ঝুঁকি এড়ানো সম্ভব। ক্যানসারের ভয় দূরে সরিয়ে নখ সুন্দর রাখতে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা:
প্রথমত, নেইলপলিশ কেনার সময় বোতলের গায়ে লেখা উপাদানের তালিকাটি ভালো করে পড়ে নিন। খেয়াল রাখুন যেন তাতে ফরমালডিহাইড, টলুইন, কর্পূর এবং ডিবিপি-এর মতো ক্ষতিকর উপাদান না থাকে। বাজারে এখন অনেক স্বাস্থ্যবান্ধব নেইলপলিশ পাওয়া যায়।
কেনার সময় বোতলে '5-free', '10-free' বা '13-free' লেবেল আছে কি না দেখে নিন, এর মানে হলো এই পলিশগুলো সবচেয়ে ক্ষতিকর উপাদানগুলো থেকে মুক্ত। পার্লারে গেলে সেখানকার কর্মীদেরও জিজ্ঞেস করুন তারা কী ধরনের পলিশ ব্যবহার করছেন। আর যদি নখ শুকাতে ইউভি ল্যাম্প ব্যবহার করতেই হয়, তবে তার আগে হাতে ভালো করে সানস্ক্রিন মেখে নিন। এতে ত্বকের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
মজার বিষয় হলো, ভারী রাসায়নিক আর দীর্ঘ সময় পার্লারে কাটানোর ট্রেন্ড থেকে মানুষ এখন অনেকটাই বেরিয়ে আসছে। এ বছর ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে একেবারে ছিমছাম আর স্বাভাবিক নখ। কোনো কড়া রং নয়, বরং সুন্দর করে কাটা, পরিষ্কার আর হালকা গ্লস দেওয়া নখই এখন আভিজাত্য আর আধুনিকতার প্রতীক। তাই স্বাস্থ্যের কথা ভেবে আপনিও চাইলে ঝুঁকিপূর্ণ রাসায়নিক এড়িয়ে এই 'ন্যাচারাল' বা প্রাকৃতিক সৌন্দর্যের ট্রেন্ডে গা ভাসাতে পারেন।