কাশ্মীরে সেনা অভিযানের সময় ভারতীয় লেফটেন্যান্টের মৃত্যু

০৭ জুন, ২০২৬

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় চলমান একটি সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে খাড়া পাহাড়ের চূড়া থেকে পিছলে গভীর গিরিখাতে পড়ে এক ভারতীয় সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।শনিবার সন্ধ্যায় তল্লাশি অভিযানের ১৬ তম দিনে এ ঘটনা ঘটল। নিহত লেফটেন্যান্ট পদমর্যাদার ওই কর্মকর্তা ‘অপারেশন শেরাওয়ালি’তে নিয়োজিত সেনাদলের অংশ ছিলেন।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী একটি সংকীর্ণ শৈলশিরা বরাবর অনুসন্ধানকারী দলকে নেতৃত্ব দেওয়ার সময় পা পিছলে গিরিখাতে পড়ে যান। সেনাদলটি তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা করলেও তিনি আঘাতজনিত কারণে মারা যান।

জীবন হারানো লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামীর মৃত্যুতে অপারেশন কমান্ডের হোয়াইট নাইট কোর গভীর শোক প্রকাশ করেছে।

আজ স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে নিহত কর্মকর্তার মরদেহ জম্মু বিমানঘাঁটিতে আনা হয় এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান হয়েছে।