ভাতের সঙ্গে কাঁচা মরিচ কামড়ে খেলে মিলবে যেসব উপকার

০৮ জুন, ২০২৬

বাঙালির খাবারের পাতে ভাতের সঙ্গে কাঁচা মরিচ যেন এক অবিচ্ছেদ্য অংশ। ডাল, ভর্তা, মাছ কিংবা মাংস—যে খাবারই হোক না কেন, পাশে একটি কাঁচা মরিচ থাকলেই অনেকের খাওয়াটা জমে ওঠে।

তবে শুধু স্বাদ ও ঝালের জন্য নয়, ছোট্ট এই সবুজ মরিচে লুকিয়ে আছে নানা পুষ্টিগুণও। প্রতিদিন পরিমিত পরিমাণে কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস খাবারে শুধু স্বাদই বাড়ায় না, শরীরকেও দিতে পারে নানা উপকার।

ভাতের সঙ্গে মরিচ খেলে কত উপকারিতা পাওয়া যায় তা দ্য ওয়েলনেস কর্ণারের এই প্রতিবেদনে উঠে এসেছে।

ঝালের আড়ালে লুকিয়ে থাকে যত পুষ্টি

কাঁচা মরিচের ঝালের জন্য দায়ী ‘ক্যাপসাইসিন’ নামের একটি প্রাকৃতিক যৌগ।

এই উপাদান শুধু মুখে ঝাল অনুভূতি তৈরি করে না, শরীরের বিভিন্ন কার্যক্রমেও ভূমিকা রাখে। এছাড়া কাঁচা মরিচে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

বাড়াবে বিপাকক্রিয়ার গতি

প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজম কিছুটা সক্রিয় হতে পারে। ক্যাপসাইসিন শরীরের তাপমাত্রা সামান্য বাড়িয়ে ক্যালোরি পোড়ানোর প্রক্রিয়াকে উৎসাহিত করে।

ফলে ওজন নিয়ন্ত্রণে এটি সহায়ক ভূমিকা রাখতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, ঝাল খাবার ক্ষুধা নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।

হজমে সহায়তা করে

অনেকের ধারণা, ঝাল মানেই হজমের সমস্যা। কিন্তু পরিমিত পরিমাণে কাঁচা মরিচ হজম প্রক্রিয়াকে সক্রিয় করতে পারে। এটি লালারস ও পাচকরস নিঃসরণ বাড়িয়ে খাবার হজমে সহায়তা করে।

যাদের হজম ধীরগতির, তাদের জন্য এটি কিছুটা উপকারী হতে পারে। তবে যাদের গ্যাস্ট্রিক, আলসার বা অতিরিক্ত গ্যাসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত কাঁচা মরিচ উল্টো অস্বস্তি তৈরি করতে পারে

হৃদযন্ত্রের জন্যও উপকারী

নিয়মিত পরিমিত কাঁচা মরিচ খাওয়া রক্ত সঞ্চালন ভালো রাখতে সহায়তা করতে পারে। গবেষণায় ক্যাপসাইসিনের সঙ্গে কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং রক্তনালির কার্যকারিতা উন্নত হওয়ার সম্পর্ক পাওয়া গেছে। ফলে দীর্ঘমেয়াদে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে এটি সহায়ক ভূমিকা রাখতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কাঁচা মরিচে প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলে শরীর বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে বেশি সক্ষম হতে পারে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় রোধে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

ত্বক ও মন রাখে ভালো 

অনেকেই জানেন না, কাঁচা মরিচ ত্বকের জন্যও উপকারী হতে পারে। এতে থাকা ভিটামিন সি ‘কোলাজেন’ উৎপাদনে সহায়তা করে। এই কোলাজেন ত্বককে টানটান ও সতেজ রাখতে সাহায্য করে।

অন্যদিকে ঝাল খাবার খেলে শরীরে এন্ডোরফিন নামের ‘ভালো লাগার’ হরমোন নিঃসৃত হয়। এ কারণেই অনেক সময় ঝাল খাবার খাওয়ার পর মন কিছুটা চনমনে হয়ে ওঠে।

দুই মরিচের বেশি নয়

বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাত, ডাল, তরকারি বা ভর্তার সঙ্গে একটি বা দুটি কাঁচা মরিচ খাওয়া বেশিরভাগ সুস্থ মানুষের জন্য নিরাপদ। তবে খালি পেটে কাঁচা মরিচ না খাওয়াই ভালো। ঝালের মাত্রা কমাতে চাইলে মরিচের ভেতরের বিচিগুলো ফেলে খেতে পারেন।

বেশি খেলেই যে বিপদ

কাঁচা মরিচের উপকারিতা থাকলেও অতিরিক্ত খাওয়ার অভ্যাস ক্ষতিকর হতে পারে। এতে পেটে জ্বালাপোড়া, গ্যাসের সমস্যা, অন্ত্রে অস্বস্তি এবং আলসারের সমস্যা বেড়ে যেতে পারে। ফলে যাদের অর্শ, গ্যাস্ট্রিক বা সংবেদনশীল পরিপাকতন্ত্র রয়েছে, তাদের সতর্ক থাকা উচিত।