চট্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

১২ জুন, ২০২৬

কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবা আনার সময় রিমন ধর (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল। কক্সবাজার জেলার রামু উপজেলার শ্রীকুল এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার র‌্যাব নিশ্চিত করেছে, বুধবার নগরীর বহদ্দারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে র‌্যাব এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নগরীর বদ্দারহাট এলাকায় পেপসিকোলার বিপরীতে খাজা মোটর পার্টসের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে চালক রিমন ধরকে আটক করা হয়। তিনি পরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো চারটি বান্ডেল থেকে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ মোটরসাইকেলসহ চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুণবর্তীর খাটরা এলাকার আলী হোসেনের ছেলে মনির হোসেন (৩৯), কক্সবাজার সদর উপজেলার পৌরসভা ১২নং ওয়ার্ড ঝিলংজা এলাকার ছালেহ আহম্মদের ছেলে রিয়াদুল ইসলাম (৩০)।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ির চালকসহ ২ জনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।