আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা

১২ জুন, ২০২৬

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা রোগীদের ঢাকা মেডিকেলসহ সরকারি ৬ হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের ১১ জুনের স্মারক অনুযায়ী রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এমতাবস্থায় হাসপাতালটি থেকে রেফার করা রোগীদের তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হলো।

আদ্-দ্বীনের রেফার করা ৬টি সরকারি হাসপাতাল হলো- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।