বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ও মিলনমেলা

১৩ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে নগরীর বেলস পার্ক এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শুক্রবার বিকেল ৩টা ও ৪টায় নগরীর বেলস পার্কের সামনে থেকে পৃথকভাবে দুটি র‍্যালি বের হয়। প্রথমে আর্জেন্টিনা সমর্থকরা প্রায় দেড়শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। আর্জেন্টিনার জার্সি ও পতাকা হাতে র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বেলস পার্ক মাঠে গিয়ে শেষ হয়।

অন্যদিকে বিকেল ৪টার দিকে ব্রাজিল সমর্থকরাও সবুজ হলুদ পতাকা ও জার্সি পরে একটি র‍্যালি বের করেন। তাদের শোভাযাত্রাও নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বেলস পার্ক মাঠে এসে শেষ হয়।

পরে উভয় দলের সমর্থকদের অংশগ্রহণে এক মিলনমেলার আয়োজন করা হয়। এতে ফুটবলপ্রেমীরা পারস্পরিক সৌহার্দ্য, খেলাধুলার ইতিবাচক চর্চা এবং বিশ্বকাপ ঘিরে নিজেদের আবেগ অনুভূতি ভাগাভাগি করেন।

আয়োজকরা জানান, ফুটবলকে কেন্দ্র করে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। অংশগ্রহণকারীরা বলেন, মাঠের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবলপ্রেমীদের মধ্যে বন্ধুত্বই সবচেয়ে বড় বিষয়।

উভয় র‍্যালি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিভিন্ন বয়সী সমর্থকরা অংশ নেন।