রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৩ জুন, ২০২৬

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে প্রকাশ্যে এক যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫), তিনি পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাড়ি ওই উপজেলার বেতাগী এলাকায়।

রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, মাসুদ পাহাড়তলীর চৌমুহনি বাজারের একটি ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। এ সময় একটি অটোরিকশায় কয়েকজন সন্ত্রাসী এসে তাকে উপর্যুপরি গুলি করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সেই সঙ্গে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তার অনুসারী নেতাকর্মীরা ইছাখালী এলাকায় টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ স্বপন চৌধুরীর ছোট ভাই। তিনি চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন।