অশুভ লক্ষণ ও অকল্যাণ থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

১৩ জুন, ২০২৬

মানুষের জীবন সুখ-দুঃখ, আশা-নিরাশা, কল্যাণ-অকল্যাণের নানা ঘটনার সমষ্টি। কখনো এমন কিছু দৃশ্য, স্বপ্ন, সংবাদ বা পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা মানুষের মনে অশুভ আশঙ্কা, ভয় কিংবা উদ্বেগ সৃষ্টি করে।

জাহেলি যুগে মানুষ নানা কুসংস্কার, অশুভ লক্ষণ ও কল্পিত অমঙ্গলের ওপর বিশ্বাস করত। ইসলাম এসে এসব ভিত্তিহীন ধারণা দূর করে মানুষের হৃদয়ে তাওহিদ, আল্লাহর ওপর ভরসা এবং তাকদিরের প্রতি বিশ্বাস প্রতিষ্ঠা করেছে। একজন মুমিন জানে, কোনো বস্তু, ব্যক্তি, দিন বা ঘটনার নিজস্বভাবে কল্যাণ বা অকল্যাণ সাধনের ক্ষমতা নেই; সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা ও ফয়সালার অধীন।

তবে মানুষের স্বভাবগত দুর্বলতার কারণে কখনো কখনো মনে অশুভ আশঙ্কা জাগতেই পারে।

এমন পরিস্থিতিতে একজন মুমিনের উচিত আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছে দোয়ার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করা। দোয়াটি হলো-  


اللَّهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ

উচ্চারণ : আল্লাহুম্মা লা ত্বাইরা ইল্লা ত্বাইরুকা ওয়া লা খাইরা ইল্লা খাইরুকা ওয়া লা ইলাহা গাইরুকা।

অর্থ : হে আল্লাহ! আপনার পক্ষ থেকে অশুভ মঞ্জুর না হলে অশুভ বলে কিছু নেই। আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই।

আর আপনি ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই। 

হাদিস : ইবনে ওমর (রা) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অশুভ লক্ষণ ও অকল্যাণ থেকে বাঁচতে মানুষ যেন এই দোয়া পাঠ করে।  (মুসনাদে আহমাদ, হাদিস নম্বর : ৭০৪৫)