১৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশ মুখে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে মিরকাদিমের ও ধলেশ্বরী নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল মাবুদের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহল চলছিল। সে সময় মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনা এলাকায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ অভিযান চালায়। অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সাদ্দাম হোসেন,(৩৮) বোরহান উদ্দিন(২৮) মোঃ রোমান(২৩), তারামিয়া(৩৮), ইউনুস আলী(৩৮) ইসমাইল হোসেন,(২৭)আব্দুর রহমান(২৭) সুলাইমান(৩৪) শরীফ হোসেন(৩২) মোঃ আরমান (২৩)। পরে তাঁদের দেহ তল্লাশি ও নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত বলে দাবি করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
আব্দুল মাবুদ জানান, কয়েকদিন আগে গজারিয়ার লস্করদি থেকে দুজন নৌ ডাকাত গ্রেপ্তার করা হয়। ওই নৌ ডাকাতদের তথ্যের ভিত্তিতে এই ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ডাকাত সদস্যদের বাড়ি সিরাজদিখান উপজেলা।