যশোরে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

১৫ জুন, ২০২৬

যশোর শহর ও মণিরামপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।  

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়।

অভিযানকালে যশোর শহরের মুজিব সড়কের ফাস্টফুড প্রতিষ্ঠান ‘ঝটপট’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মণিরামপুর উপজেলার আজমীর বেকারিকে ২০ হাজার টাকা, রাফি-সিমাম বেকারিকে দশ হাজার টাকা এবং বনফুল সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান বলেন, অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর খাদ্যপণ্যের মান, স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কিনা, সঠিক মূল্যতালিকা আছে কিনা- এসব বিষয় যাচাই করা হয়।  

তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিমের সাথে ছিলেন।