১৮ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা ঔষধ প্রশাসনের আবেদনের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মা মনোয়ারা ফার্মেসি, সততা ফার্মেসি ও ফারদিন ফার্মেসি ৫টি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে সংরক্ষিত ঔষধের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতে সারা উপজেলায়ই পরিচালনা করা হবে। এসব বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে উপজেলা প্রশাসন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন