১৮ জুন, ২০২৬
পটুয়াখালী সদর উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু ফকির (২৫) এবং একই এলাকার আশরাফ মোল্লা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাথরুমের জন্য নির্মাণ করা নতুন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় প্রথমে নূহু ফকির অসুস্থ হয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। পরে তাকে উদ্ধারের জন্য আশরাফ মোল্লা ট্যাংকের ভেতরে নামেন। একপর্যায়ে তিনিও অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন ট্যাংকের একটি অংশ ভেঙে দুজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা অচেতন হয়ে মারা গেছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।