১৮ জুন, ২০২৬
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০), মনির হোসেন (৪৮) ও মো. জুয়েল মিয়া (৪১)।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের মূল সড়কে মিছিল বের করার পর তাদের আটক করা হয়। তবে তাদের সাংগঠনিক পদ-পদবি জানা যায়নি।
হামে শিশুমৃত্যুর প্রতিবাদ ও প্রতিরোধযোগ্য এই রোগে মৃত্যু ঠেকাতে না পারায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে মিছিল বের করা হয়। ঝটিকা মিছিল থেকে তিন-চারটি ককটেল বিস্ফোরণও ঘটায় মিছিলকারীরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের লোকজন মিছিল করেছে। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের মধ্য থেকে চারজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিলকারীরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগান দেন। একই সঙ্গে ব্যানার ও ফেস্টুনে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি দেখা গেছে। মিছিল শেষ করে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
জানতে চাইলে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান জাগো নিউজকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। সুনির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো কর্মসূচির তথ্য আমাদের কাছে ছিল না। ব্যানারেও একটু ডিফরেন্ট শব্দ লেখা। ব্যানারে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে হামের টিকার বিষয়ে লেখা ছিল। আমরা তদন্ত করছি।