১৯ জুন, ২০২৬
ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
সেসময় ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ আইয়ুুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রূপম (৩৪) তিনশত পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ ছিল।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, গ্রেফতারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। ওই সময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে কারা জড়িত এবং মাদকের উৎস কী, তা উদঘাটনে আমাদের তদন্ত অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা।