২১ জুন, ২০২৬
ফুটবল বিশ্বকাপ শুরু হলেই যেন বদলে যায় দেশের চিত্র। পছন্দের দলকে সমর্থন করতে কেউ বাড়ির ছাদে উড়ান প্রিয় দেশের পতাকা, কেউ আবার গায়ে জড়িয়ে নেন দলের জার্সি।ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা ফ্রান্স-প্রতিটি দলের সমর্থকদের আবেগ তখন ছড়িয়ে পড়ে চারদিকে।
এই সময়টায় শুধু ফুটবল নয়, প্রিয় দেশের সংস্কৃতি, জীবনধারা এবং খাবার নিয়েও আগ্রহ বেড়ে যায় অনেকের। কারণ ফুটবলের মাঠে যেমন প্রতিটি দলের রয়েছে নিজস্ব খেলার ধরণ, তেমনি তাদের খাবারেও রয়েছে স্বতন্ত্র ঐতিহ্য, স্বাদ এবং ইতিহাস।
বিশ্বকাপের আলোচনায় ব্রাজিলের নাম এলেই চোখের সামনে ভেসে ওঠে সাম্বা, রঙিন উৎসব আর আক্রমণাত্মক ফুটবল। তবে খাবারের জগতেও ব্রাজিলের রয়েছে সমৃদ্ধ পরিচিতি। দেশটির সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম হলো কোশিনিয়া । মুরগির মাংস দিয়ে তৈরি এই সুস্বাদু স্ন্যাকসটি ব্রাজিলিয়ানদের কাছে ভীষণ প্রিয় এবং প্রায় সব ধরনের উৎসব, আড্ডা কিংবা পারিবারিক আয়োজনে এটি পরিবেশন করা হয়।
বিশ্বকাপের ম্যাচ দেখার সময় যদি প্রিয় দল ব্রাজিলের এই খাবাটি আড্ডার টেবিলে যোগ করতে পারেন। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে খেলা উপভোগের পাশাপাশি ব্রাজিলের স্বাদও চলে আসবে আপনার ঘরে।
আসুন জেনে নেওয়া বাড়িতে কোশিনিয়া কীভাবে তৈরি করবেন-
উপকরণ
ময়দা ২ কাপ
তরল দুধ ১ কাপ
চিকেন স্টক বা পানি ১ কাপ
মাখন ২ টেবিল চামচ
মুরগির হাড় ছাড়া মাংস ২ কাপ
পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
রসুন কুচি ১ টেবিল চামচ
আদা বাটা আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
চিজ বা ক্রিম চিজ ২ টেবিল চামচ
ডিম ১ টি
ব্রেডক্রাম্বস প্রয়োজন অনুযায়ী
তেল ভাজার জন্য
লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
কোশিনিয়া তৈরির জন্য প্রথমে মুরগির মাংস সিদ্ধ করে ঝুরি বা কুচি করে নিন। এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে রসুন ও আদা কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এবার সিদ্ধ করা মুরগির মাংস, লবণ, গোলমরিচ গুঁড়া ও ধনেপাতা যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। পুরটিকে আরও মোলায়েম ও সুস্বাদু করতে ক্রিম চিজ মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।
এবার একটি পাত্রে তরল দুধ, চিকেন স্টক, মাখন ও লবণ নিয়ে মাঝারি আঁচে গরম করুন। মিশ্রণটি ফুটে উঠলে আঁচ কমিয়ে অল্প অল্প করে ময়দা যোগ করতে থাকুন এবং অনবরত নাড়তে থাকুন, যাতে কোনো দলা না বাঁধে। কিছুক্ষণ পর ময়দা প্যানের গা ছেড়ে একটি নরম ডো বা খামিরের আকার নেবে। তখন চুলা বন্ধ করে ডোটি ঢেকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।
ডো কিছুটা ঠান্ডা হলে হাতে সামান্য তেল মেখে নিন। এরপর ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল করুন এবং হাতের তালুতে চেপে মাঝখানে গর্তের মতো জায়গা তৈরি করুন। সেখানে ১ থেকে ২ চামচ মুরগির পুর ভরে চারপাশ থেকে ডো তুলে মুখ বন্ধ করে দিন। এরপর ওপরের অংশটি সামান্য চিকন করে নাশপাতি বা ড্রপের মতো আকৃতি দিন।
সব কোশিনিয়া তৈরি হয়ে গেলে সেগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। এরপর ব্রেডক্রাম্বে গড়িয়ে ভালোভাবে কোট করুন। একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে কোশিনিয়াগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলুন। ভাজা হলে টমেটো সস, গার্লিক ডিপ বা পছন্দের যেকোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।