২১ জুন, ২০২৬
উত্তর আমেরিকার তীব্র গরমের কারণে ২০২৬ বিশ্বকাপে ফিফার চালু করা বাধ্যতামূলক ৩ মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি নিয়ে বিশ্বজুড়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। এবার এই নিয়মের তীব্র সমালোচনা করে ফিফাকে ধুয়ে দিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। তার মতে, এই বিরতিগুলো ফুটবলে নতুন কিছু যোগ তো করেইনি, উল্টো খেলার চিরাচরিত ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে নষ্ট করছে।
গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ‘এল লোকো’ খ্যাত বিয়েলসা তাঁর ক্ষোভ উগরে দেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর চরম আবহাওয়ায় ফুটবলারদের সুস্থতার কথা বিবেচনা করে ফিফা প্রতি অর্ধেকের মাঝামাঝি সময়ে ৩ মিনিটের এই বিরতি বাধ্যতামূলক করেছে। তবে সমালোচকদের দাবি, এই বিরতিগুলোর মাধ্যমে ফুটবল ম্যাচ মূলত ৪টি কোয়ার্টারে (৪ ভাগে) বিভক্ত হয়ে যাচ্ছে, যা ব্রডকাস্টার বা টিভি চ্যানেলগুলোকে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর সুযোগ করে দিচ্ছে।
বিষয়টি নিয়ে বিয়েলসা বলেন, “২ বারের (দুই অর্ধে) জায়গায় ৪ বার খেলা হওয়াটা ফুটবলের সেই আদি ও ঐতিহ্যগত সংস্কৃতিকে বদলে দেয় যার ওপর ভিত্তি করে মানুষ এই খেলার প্রেমে পড়েছিল। এই সাংস্কৃতিক পরিবর্তন ফুটবলে নতুন কিছু যোগ করেনি, বরং অনেক কিছু কেড়ে নিয়েছে।”
প্রযুক্তির ব্যবহার ফুটবলকে আরও ন্যায়সংগত করেছে উল্লেখ করে বিয়েলসা ইঙ্গিত দেন যে, এই ওয়াটার ব্রেক চালুর পেছনে ফুটবলের ভালো চাওয়ার চেয়ে অন্য কোনো ‘বাণিজ্যিক উদ্দেশ্য’ রয়েছে, যা তাঁর মতো অনেকেই বুঝতে পারছেন।
প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ গোলে ড্র করার পর আজ রবিবার কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। প্রথম ম্যাচে দলের অন্যতম প্রধান ভরসা দারউইন নুনিয়াস মাত্র ১টি শট নিতে পেরেছিলেন এবং প্রথমার্ধের পরই তাকে তুলে নেওয়া হয়েছিল। জাতীয় দলের হয়ে টানা ১৪ ম্যাচ গোলহীন থাকা ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন উঠলে বিয়েলসা তা উড়িয়ে দিয়ে বলেন, “বিশ্বকাপের মতো মঞ্চে যে ফুটবলার খেলছে, তার নতুন করে কোনো অনুপ্রেরণার প্রয়োজন নেই। এই টুর্নামেন্টের মর্যাদা ও আভিজাত্যই যেকোনো খেলোয়াড়কে সেরাটা দিতে উদ্বুদ্ধ করে।”
প্রথম ম্যাচের প্রথমার্ধে পজেশন ধরে রাখলেও সুযোগ তৈরি করতে না পারার ভুলগুলো শুধরে, কেপ ভার্দের জমাট রক্ষণ ভাঙতে গতিশীল ও আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা করছেন বলে জানান উরুগুয়ে কোচ।