মাদক ও অপরাধ দমনে ইউক্রেনের ড্রোন কিনছে হন্ডুরাস

২৩ জুন, ২০২৬

লাতিন আমেরিকার দেশ হন্ডুরাস তাদের সীমান্ত পাহারা এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে ইউক্রেন থেকে অত্যাধুনিক ড্রোন কেনার পরিকল্পনা করছে। সোমবার ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট নাসরি আসফুরা।

গত শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ইউক্রেন হন্ডুরাসকে ড্রোনসহ বিভিন্ন সামরিক প্রযুক্তি দেওয়ার প্রস্তাব দেয় এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়।

পানামা সিটিতে আমেরিকার দেশগুলোর জোটের (অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস) এক বৈঠকে প্রেসিডেন্ট আসফুরা জানান, এই ড্রোনগুলো মূলত দেশের সীমান্ত কার্যকরভাবে রক্ষা করতে এবং উচ্চ প্রযুক্তির সাহায্যে সুসংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করতে ব্যবহার করা হবে। এছাড়া কৃষিকাজেও এই ড্রোন ব্যবহার করা যেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেন নিজেদের প্রতিরক্ষায় ব্যাপকভাবে ড্রোন প্রযুক্তির ওপর নির্ভর করে আসছে।

বর্তমানে হন্ডুরাস তীব্র অভ্যন্তরীণ সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে। মাদক চোরাকারবারি দল, বিভিন্ন সশস্ত্র গ্যাং এবং দুর্নীতিগ্রস্ত নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষে দেশটিতে অপরাধের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে প্রতি ১ লাখে ২৪ জন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, যা বৈশ্বিক গড় হত্যাকাণ্ডের চেয়ে প্রায় চার গুণ বেশি।

সম্প্রতি গত ২১ মে দেশটির উত্তরাঞ্চলীয় একটি কৃষি গ্রামে সশস্ত্র দলগুলোর সংঘর্ষে ১৯ জন নিহত হন। একই দিনে গুয়াতেমালা সীমান্তের কাছে মাদক চোরাকারবারিদের হামলায় ৫ জন পুলিশ সদস্য প্রাণ হারান। এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা ও সীমান্ত রক্ষা করতে এই ড্রোন প্রযুক্তি বড় ভূমিকা রাখবে বলে মনে করছে হন্ডুরাস সরকার।