আইনি ঝামেলার খবর ভুয়া, প্রকাশ রাজের ক্ষোভ

২৪ জুন, ২০২৬

ভারতের বেঙ্গালুরুর একটি আদালত থেকে নিজের নামে ‘অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা’ জারির খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। একই সঙ্গে এই ধরনের মিথ্যা খবর ছড়ানোর পেছনে থাকা মানুষদের কড়া সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যমে দাবি করা হয়, একাধিক রাজ্যে একাধিক ভোটার আইডি কার্ড থাকার অভিযোগে প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই খবরটি নজরে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা।

গত ২১ জুন এক্সে দেওয়া এক পোস্টে প্রকাশ রাজ লেখেন, ‘বিক্রি হওয়া লোক সব ভুয়া খবর ছড়াচ্ছে, তারা নিশ্চয়ই খুব বড় ধাক্কা খেয়েছে । তবে আমি খুশি যে তাদের ব্যস্ত রাখতে পেরেছি।’

এর পরপরই আরেকটি পোস্টে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘এই মানুষগুলো এরা তো তারাই যারা সংবাদ সম্মেলনে চিৎকার করে বলছিল ‘বলুন কে বিক্রি হয়েছে’ তারা এখন গল্প ছড়াচ্ছে যে আমার কাছে চারটি ভোটার আইডি আছে।এই ভদ্রলোকের নাম কী উনি কি বিশ্বাসযোগ্য আপনারা কি জানেন এটা কোন চ্যানেল এর মালিক কে? দয়া করে আমাকে জানান।’

২২ জুন প্রকাশ রাজ সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি পোস্ট পুনরায় শেয়ার করেন, যেখানে এই পুরো ঘটনাটিকে ‘ভুয়া খবর’ বা ‘ফেক নিউজ’ হিসেবে অভিহিত করা হয়েছে।