এত মাতামাতির কী আছে, তৃতীয় বিয়ে নিয়ে বললেন আমির খান

২৪ জুন, ২০২৬

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের বিয়ের গুঞ্জন অবশেষে সত্য হচ্ছে। আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র সঙ্গে এক সাক্ষাৎকারে আমির নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। 

তবে জমকালো কোনো আয়োজন নয়। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমিরের ভাষ্য, ‘অনুষ্ঠানটি একেবারেই ব্যক্তিগত হবে। ঘরে বসে দুই পরিবার এবং খুব কাছের বন্ধুদের নিয়ে আইনি বিয়ে সম্পন্ন হবে।’

নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অতিরিক্ত মাতামাতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই তারকা। তিনি বলেন, ‘আমি বুঝছি না এত মাতামাতির কী আছে! তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতুহল একটু বেশিই। দর্শকদের উচিত আমাদের কাজ নিয়ে আগ্রহী হওয়া। ব্যক্তিগত জীবন নিয়ে নয়। আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো তা জানি না। আজকাল কোনো কিছুই আর আড়ালে রাখা যায় না।’

গত এক বছর ধরে গৌরীর সঙ্গে সাহচর্যে থেকে মনে শান্তি ফিরে পেয়েছেন সে কথাও অকপটে স্বীকার করেছেন তিনি। আমির খান জানান, আগের দুটি সংসার ভেঙে গেলেও সাবেক স্ত্রীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক এখনও বজায় রয়েছে।

এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ১৫ বছরেরও বেশি সময় সংসার করার পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। রীনা ও আমিরের ঘরে জুনায়েদ ও ইরা নামে দুটি সন্তান রয়েছে। এরপর ২০০৫ সালের ডিসেম্বরে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। দীর্ঘ ১৬ বছর পর ২০২১ সালের জুলাইয়ে এক যৌথ বিবৃতির মাধ্যমে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। আমির ও কিরণের আজাদ রাও খান নামে এক ছেলে রয়েছে। বিচ্ছেদের পরও তারা একসঙ্গে সন্তান লালন-পালন করছেন। 

উল্লেখ্য, গত বছর নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রথমবার গণমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন তিনি জানিয়েছিলেন, তাঁরা একে অপরকে দীর্ঘ সময় ধরে চিনতেন।