সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামিকে গণপিটুনি

২৪ জুন, ২০২৬

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে আদালতে গণপিটুনি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাজতখানা থেকে আদালতে হাজির করার সময় উপস্থিত লোকজন তাকে গণপিটুনি দেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

গণপিটুনি খাওয়া আসামি জাকির হোসেন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। নিহত ফাহিমা আক্তার (৪) একই গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। মামলার আসামী জাকির ও তার দুই ভাই ফাহিমাদের প্রতিবেশি ও সম্পর্কে চাচা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  মঙ্গলবার ফাহিমা ধর্ষনচেষ্টা ও হত্যা মামলার ধার্য্য তারিখ ছিল। সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জাকিরকে আদালতের হাজতখানায় আনা হয়। দুপুরে হাজতখানা থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়ার পথে পুলিশের সামনে উপস্থিত লোকজন তাকে পিটুনি দেন। পরে পুলিশ তাকে দ্রুত আদালতে নিয়ে যায়।

আদালত সূত্র জানায়, গত ৬ মে নিখোঁজ হয় শিশু ফাহিমা। ৮ মে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১১ মে রাতে প্রতিবেশী জাকির হোসেনেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জাকির জানায় ধর্ষণচেষ্টাকালে ফাহিমা জ্ঞান হারালে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সে। পরে লাশ গুমের চেষ্টায় তার দুই ভাই জয়নাল ও কালাম সহযোগিতা করে।