২৫ জুন, ২০২৬
শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের কারখানা শ্রমিক অসন্তোষের জের ধরে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে কোম্পানির কারখানার প্রায় ৫ হাজার কর্মচারী ও শ্রমিক মঙ্গলবার (২৩ জুন) থেকে সাময়িকভাবে কাজ থেকে বিরত রয়েছে।
বুধবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এপ্রেক্স স্পিনিংয়ে পরিচালনা পর্ষদ মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে কারখানা বন্ধ রাখবে বলে মৌখিকভাবে ঘোষণা দেয়। আর আজ বুধবার (২৪ জুন) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানায়।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা প্রাঙ্গণে চলমান শ্রমিক অসন্তোষের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, চাকরি-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের অবৈধ ও অযৌক্তিক দাবির কারণে সৃষ্ট অচলাবস্থা শ্রমিক অসন্তোষের মূল কারণ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা লে-অফ বহাল থাকবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। আর কারখানার বন্ধ থাকায় প্রায় ৫ হাজার কর্মচারী ও শ্রমিক চাকরি হারাবেন।
এপেক্স স্পিনিং শেয়ারবাজারে ১৯৯৪ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ৮ কোটি ৪০ লাখ টাকা।