২৫ জুন, ২০২৬
দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেট অধিবেশন। আগামী ২৭ জুনের এ অধিবেশনে অংশ নিচ্ছেন জাকসু মনোনীত ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি। তবে ছাত্রত্ব শেষ হওয়ায় এতে যোগ দিতে পারছেন না ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর ধারা ১৯(১)(ক) অনুযায়ী সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির অন্তর্ভুক্তির বিধান রয়েছে। তবে অধ্যাদেশের ১৯(২) ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব না থাকলে শিক্ষার্থী প্রতিনিধিদের সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মে মাসে আনুষ্ঠানিকভাবে স্নাতকোত্তর সম্পন্ন করায় জিএস মাজহারুল ইসলামের ছাত্রত্ব শেষ হয়। অন্যদিকে, নির্দিষ্ট সময়ের মধ্যে স্নাতকোত্তর সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় নিয়মানুযায়ী ছাত্রত্ব হারিয়েছেন ভিপি আব্দুর রশিদ জিতু। ফলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সিনেট অধিবেশনের আগেই এই শীর্ষ দুই ছাত্রনেতার সদস্যপদ বাতিল হয়ে গেছে।
জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, উপাচার্য মহোদয় আমাদের জানিয়েছেন নীতিগতভাবে সিনেটে আমার এবং জিতু ভাইয়ের অংশ নেওয়ার সুযোগ নেই। আমি নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অংশ নিবো না। আমাদের পরিবর্তে কারা শিক্ষার্থীদের প্রতিনিধি হবে সে বিষয়ে আজ আলোচনাসাপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে।
জাকসুর ভিপি ও জিএসের সিনেট অধিবেশনে অংশগ্রহণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট সচিব এ বি এম আজিজুর রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর ১৯(২) অনুযায়ী ছাত্রত্ব না থাকলে কেউ ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেটে অংশগ্রহণ করতে পারেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুযায়ী ছাত্রত্ব শেষ হওয়ার পর সিনেট সদস্য পদে বহাল থাকার সুযোগ নেই এবং এটি স্পষ্ট। আজ সন্ধ্যায় জাকসুর সঙ্গে আলোচনা সভা করা হবে।