২৭ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্য উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে মহাখালীর আমতলী মোড় থেকে শুরু হওয়া মিছিলটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সামনে হয়ে গুলশান-১ গোলচত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু।
সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি বলেন, মালয়েশিয়া সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, কৃষি, সেমিকন্ডাক্টর শিল্প এবং হালাল অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধান এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাওয়ার উদ্যোগ দেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু আরও বলেন, চীন সফরে বিভিন্ন সমঝোতা স্মারক, চুক্তি ও সহযোগিতা দলিল স্বাক্ষরের সম্ভাবনা বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ইতিবাচক অগ্রগতি বয়ে আনবে।