‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি নিয়ে মাউশির একগুচ্ছ নির্দেশনা

২৭ জুন, ২০২৬

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একগুচ্ছ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। 

আগামী সোমবার (২৯ জুন) সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

শনিবার (২৭ জুন) মাউশির জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এই অর্থ দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ, জলবায়ু বিষয়ক ব্যানার বা ফেস্টুন তৈরি এবং সেমিনার বা র‌্যালির আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। ক্যাম্পাসে জলবায়ুবিষয়ক ব্যানার ও ফেস্টুন টানাতে হবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ উপলক্ষে র‌্যালির আয়োজন করতে হবে।