২৮ জুন, ২০২৬
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় টম্বলেন শহরে স্কাইডাইভিং অভিযানে অংশ নেয়া যাত্রীদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।
আজ রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের এ তথ্য জানান মিউর্ত-এ-মোজেল অঞ্চলের প্রিফেক্ট ইভ সেগুই।
দুর্ঘটনায় বিমানের পাইলট এবং ১০ জন আরোহীর সবাই নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিং শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন।
সেগুই জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে টম্বলেন বিমানবন্দর-সংলগ্ন এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে কঠোরভাবে অনুরোধ করেছে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।