সৌদিতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত অন্তত ১৪

২৮ জুন, ২০২৬

সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্স।

সোদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রোববার রাস তানুরায় সৌদি আরামকো তেল কোম্পানির মালিকানাধীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ওই হেলিকপ্টারে থাকা ১৪ জন আরোহীর সবাই নিহত হন।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সেই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার পারস্য উপসাগরের রাস তানুরা টার্মিনাল থেকে পুনরায় অপরিশোধিত তেল খালাস (লোডিং) শুরু করেছিল আরামকো।