২৯ জুন, ২০২৬
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হওয়ার চূড়ান্ত হয়েছে শেষ চার দল। ১২ দলের টুর্নামেন্ট এখন নেমে এসেছে শেষ চারে। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ ‘১’-এ ছিল অস্ট্রেলিয়ার একচ্ছত্র আধিপত্য। পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একই গ্রুপ থেকে ৫ ম্যাচে ৪ জয় ও ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ ‘২’-এও ছিল একই চিত্র। ইংল্যান্ডও পাঁচ ম্যাচের সবগুলো জিতে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা—দুই দলেরই সংগ্রহ ছিল ৬ পয়েন্ট। তবে উন্নত নেট রান রেটের সুবাদে শ্রীলঙ্কাকে পিছনে ফেলে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ক্যারিবীয়রা।
এবার সেমিফাইনালে অপেক্ষা করছে দুই হাইভোল্টেজ লড়াই। আগামী ৩০ জুন দ্য ওভালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। একই ভেন্যুতে ২ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
দুই সেমিফাইনালের বিজয়ীরা ৫ জুলাই লর্ডসে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া সেই ম্যাচেই জানা যাবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নের নাম।
সেমিফাইনালের লাইনআপ
৩০ জুন - অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ
২ জুলাই - ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা