০১ জুলাই, ২০২৬
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা উপজেলার বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে মা ও ছেলে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলার বড়দল গ্রামের বাড়িতে ফিরছিলেন। গয়াসপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মা ফরিদা বেগম ও ছেলে জুবের মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়দল গ্রামের আব্দুল মালিক বলেন, সড়ক দিয়ে চলাচলের সময় একটি প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই মা ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইঁয়া বলেন, সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি।