‘স্পাইডার ম্যান ৪’-এ থাকছেন মেসি!

০১ জুলাই, ২০২৬

বিশ্ব মেতে আছে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির পায়ের যাদুতে। এবার তাকে দেখা গেল স্পাইডারম্যানের সঙ্গে। এরপর থেকেই গুঞ্জন, তবে কি মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার ম্যান ৪’ এ দেখা যাবে মেসিকে?

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘স্পাইডার ম্যান ৪’-এর প্রমোশনাল ভিডিও। সেখানে ধরা দিয়েছেন মেসি। ওই ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের এক কফি শপে বসে ফোনে কথা বলছে পিটার পার্কার (টম হল্যান্ড)। হঠাৎ তার চোখে আটকে যায় কোনোকিছুতে। সে ফোনের ওপাশের মানুষটাকে সে চেঁচিয়ে বলে ওঠে, “শাট আপ”। ঠিক সেই মুহূর্তে ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢোকেন লিওনেল মেসি!

হতভম্ব পিটার অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করে, “মেসি?”। ক্যাফের মালিককে অবশ্য নির্বিকার দেখা যায়। মেসি তার ফোন উঁচিয়ে দেখান, তিনি স্পাইডার-ম্যানকে খুঁজছেন! শোনামাত্রই পিটার আড়ালে গিয়ে স্পাইডি স্যুটে ফিরে আসে। 

এরপর মেসিকে তার প্রশ্ন “উচ্চতা নিয়ে তোমার ভয় নেই তো?”। অতঃপর স্পাইডার ম্যানের সঙ্গে উড়তে দেখা যায় ফুটবল যাদুকরকে। স্পাইডির জালের শেষ প্রান্তে ঝুলে ‘ওয়েব স্লিংগিং’ রাইডের রোমাঞ্চ উপভোগ করেন তিনি! 

প্রমোশনাল ভিডিওটি লুফে নিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “স্পাইডার ম্যানের সঙ্গে মেসির এই ক্যামিওটা যে কোনো সিনেমার প্লট টুইস্টের চেয়েও বেশি অপ্রত্যাশিত, বেশি চমকানো!”  আরেকজনের কথায়, “পিটারের জীবনটা এবার সত্যিই একটু বেশি ‘মেসি’ (জটিল) হয়ে গেল!”  

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এ ছবিতে পিটার পার্কারের জীবন সম্পূর্ণ ওলটপালট হতে চলেছে। সেসব দেখতে অপেক্ষা করতে হবে আরও এক মাস। কেননা আগামী ৩০শে জুলাই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।