০২ জুলাই, ২০২৬
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহাবুদ্দিন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পÐিতের বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাবুদ্দিন (৩৫) ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় নদীপথে চলাচলকারী বিভিন্ন মালবাহী ট্রলারের শ্রমিক ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে শাহাবুদ্দিন মানসিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন বলেও জানিয়েছে পরিবার। ঘটনার আগের রাতেও পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। রাত আনুমানিক ১২টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে পাশে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি খালি কক্ষে গিয়ে তিনি দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন শাহাবুদ্দিন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।