০২ জুলাই, ২০২৬
কুমিল্লার লাকসামে পারিবারিক কলহ ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মইন উদ্দিন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাকসাম থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নিহত মইন উদ্দিন বেলতলা এলাকার আবুল হাসেম ও রানু বেগমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের কারণে দীর্ঘদিন ধরে মইন উদ্দিনের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। গত প্রায় ছয় মাস ধরে বিরোধ ও মানসিক চাপ আরও তীব্র হয়ে ওঠে বলে জানিয়েছেন এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মইন উদ্দিনের ছেলে ঘরের ভেতর বাবাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।