ডোবার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

০৩ জুলাই, ২০২৬

ডোবার পানিতে পড়ে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউপির বরাতিপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মারুফ দিনাজপুরের ঘোড়াঘাটের বুলাকিপুর ইউপির বরাতিপুর গ্রামের মুদি দোকানদার মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মারুফের বাবা বাড়ির পিছনে কিছু চারাগাছ রোপণ করেছিলেন। সকালে মারুফ সবার অগোচরে একটি বদনা নিয়ে বাড়ির পেছনের ডোবা থেকে পানি তুলে চারাগাছগুলোতে দিতে যায়। পানি নিয়ে আসার সময় অসতর্কতাবশত পা পিছলে সে ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সকাল আনুমানিক ৯ টায় ডোবার পানিতে তাকে উপুড় হয়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি কিশোরটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ডোবার পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর লিখিত আবেদন করা হয়েছে। চারাগাছে পানি দিতে গিয়ে অসতর্কতাবশত পা পিছলে ডোবায় পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।