কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

০৩ জুলাই, ২০২৬

গাইবান্ধা সদর উপজেলায় কলেজছাত্র ফাহামিদ রুমন (২০) হত্যা মামলার প্রধান আসামি এএইচএম রেজাউল করিম ছানা (৫৫) এবং তার ছেলে নাসিরুল আহসান আকিবকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর থানায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের খুঁজছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় র‌্যাবের সহযোগিতায় বুধবার (১ জুলাই) গাজীপুরের মাওনা থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত গত ৭ জুন রাতে সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাগবিত-ার একপর্যায়ে ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহামিদ রুমন নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিদ (২৩) আহত হন। পরে নিহত রুমনের মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, এ মামলায় আসামিদের গ্রেপ্তার ও খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।