কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা

০৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অভিষিক্ত দল কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে সতর্ক বার্তা দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেপ ভার্দেকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না তারা।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে দলটি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, "এখন থেকে প্রতিটি ম্যাচই অলিখিত ফাইনাল। একটি হার মানেই বিদায়। কেপ ভার্দে খুবই ভালো দল। তারা কাকতালীয়ভাবে এখানে আসেনি, নিজেদের যোগ্যতায় এসেছে।"

তিনি আরও বলেন, "সৌদি আরবের বিপক্ষে তাদের জেতা উচিত ছিল। স্পেন ও উরুগুয়ের বিপক্ষেও তারা দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্য দেখিয়েছে। মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার সক্ষমতা তাদের বড় শক্তি।"

এদিকে চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার আট গোলের মধ্যে ছয়টিই এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। তবে দল মেসিনির্ভর—এমন ধারণা মানতে নারাজ স্কালোনি।

তিনি বলেন, "মেসি অসাধারণ ফুটবলার, তাই তাকে নিয়ে বেশি আলোচনা হয়। কিন্তু আমাদের দলে আরও মানসম্পন্ন আক্রমণভাগের খেলোয়াড় রয়েছে। হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজ—যেই খেলুক না কেন, আমরা চাই সবাই গোল করুক।"

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামের কারণে প্রথমার্ধে বেঞ্চে থাকা ৩৯ বছর বয়সী মেসিকে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে।

তবে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে মেসি কতক্ষণ খেলবেন, সে বিষয়ে আগাম মন্তব্য করতে চাননি স্কালোনি। তার ভাষায়, "সবকিছু নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং মেসির শারীরিক অবস্থার ওপর।"

সূত্র: রয়টার্স