০৩ জুলাই, ২০২৬
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী উপজেলার পলাইডাঙ্গা গ্রমের মৃত আলমাস কাজীর ছেলে। বর্তমানে পরিবার নিয়ে মহারাগ গ্রামে বসবাস করছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বিকেলে ভদ্রবিলা বাজার সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ভদ্রবিলা ও মহারাগ গ্রামের বাচ্চারা মারামারি করে। এর জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মোস্তফা কাজী ভদ্রবিলা বাজারে আসার পথে প্রতিপক্ষরা তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার জেরে ভদ্রবিলা গ্রামের আক্কাস মোল্যা, রানা মোল্যা, লাল্টু বিশ্বাস, রাজুদের বাড়িসহ কমপক্ষে ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষতিসাধন করে প্রতিপক্ষের লোকজন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।