সারিয়াকান্দিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত আট

০৪ জুলাই, ২০২৬

 

বগুড়া সারিয়াকান্দিতে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আটজন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে একই গ্রামের খাজা প্রামাণিকের (৬০) দীর্ঘদিন ধরেই জমিজমাসংক্রান্ত বিবাদ চলছিল। এ বিষয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। জমি দখলকে কেন্দ্র করে সকালে নালিশী জমিতে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে ঘটনাস্থলেই উভয় পক্ষের ৯ জন আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। আহতদের মধ্যে মাঝবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিটন সাকিদারের (৪০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান। এছাড়া আহত রিপন আহমেদ এবং মুহিদুল সাকিদারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারামারির সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।