০৭ জুলাই, ২০২৬
বিশিষ্ট সাহাবি হজরত উবাই ইবনে কাব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাতের এক-তৃতীয়াংশ হলে মহানবী (সা.) উঠে দাঁড়িয়ে বলতেন, হে মানুষসকল, তোমরা আল্লাহকে স্মরণ করো। কম্পনকারী এবং তার সহযোগী (কিয়ামতের আগে শিঙ্গার ফুঁৎকার) চলে এসেছে এবং মৃত্যুও তার ভয়ংকর রূপ নিয়ে উপস্থিত হয়েছে।
(এ ঘোষনা শুনে একবার) আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ, আমি আপনার ওপর দরুদ পাঠ করি। তাই আমি আপনার ওপর দরুদ শরিফ পাঠ করার জন্য কোন সময় নির্ধারণ করব? তিনি বললেন, তোমার সময় অনুযায়ী করতে পারো। আমি বললাম, এক-চতুর্থাংশ সময়? মহানবী (সা.) বললেন, যত সময় চাও, করতে পারো। তবে বেশি করে করতে পারলে, তা তোমার জন্য উত্তম হবে।
আমি বললাম, তাহলে অর্ধেক সময়ে? মহানবী (সা.) বললেন, যত সময় চাও, করতে পারো। তবে পারলে যদি বেশি করো, তাহলে তা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম, তাহলে দুই-তৃতীয়াংশ সময় করব? মহানবী (সা.) বললেন, যত সময় চাও, করতে পারো। তবে বেশি করে করতে পারলে, তা তোমার জন্য উত্তম হবে।
আমি বললাম, আমি আমার সম্পূর্ণ সময় দরুদের জন্য নির্দিষ্ট করব? এবার মহানবী (সা.) বললেন, তাহলে এই দরুদ তোমার চিন্তা দূর করে দেবে এবং তোমার সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। (তিরমিজি, হাদিস : ২৪৫৭, মুসনাদে আহমাদ, হাদিস : ২১২৪১)
শিক্ষা ও বিধান
1. রাতের শেষাংশ ইবাদতের সর্বোত্তম সময়। মহানবী (সা.) রাতের এক-তৃতীয়াংশে জেগে আল্লাহর জিকির করতেন এবং উম্মতকে ইবাদতের প্রতি আহ্বান জানাতেন।
2. মৃত্যু ও কিয়ামতের কথা স্মরণ করা ঈমানকে শক্তিশালী করে। তাই মানুষের উচিত সব সময় মৃত্যুর প্রস্তুতি নেওয়া এবং আখিরাতমুখী জীবন গড়ে তোলা।
3. আল্লাহর জিকির মুমিনের সর্বোত্তম আমল। বিপদ-আপদ, গাফেলতি ও পাপ থেকে বাঁচতে নিয়মিত জিকির করা জরুরি।
4. মহানবী (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠ অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত।
5. দরুদ পাঠের নির্দিষ্ট কোনো সীমা নেই। প্রত্যেকে নিজের সামর্থ্য ও সুযোগ অনুযায়ী যত ইচ্ছা সম্ভব দরুদ পড়তে পারে।
6. দরুদ দুশ্চিন্তা ও পেরেশানি দূর করার একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা দরুদের বরকতে বান্দার দুঃখ-কষ্ট লাঘব করেন।
৭. দরুদ গুনাহ মাফের অন্যতম মাধ্যমও বটে। তাই আন্তরিকভাবে দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার পাপ ক্ষমা করে দেন।