০৮ জুলাই, ২০২৬
বান্দরবানে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।
শহরের আর্মি পাড়া ওয়াপদা ব্রিজ শেরে বাংলা নগর ইসলামপুরসহ লামা আলিকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা।
ইতোমধ্যে জিনিষপত্র ও পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক শতাধিক পরিবার। এছাড়াও প্রবল বর্ষনে পাহাড় ধসের আশঙ্কায় আতঙ্কে রয়েছে জেলার লক্ষাধিক মানুষ। এদের কেউ কেউ আশ্রয় কেন্দ্রে উঠলেও নিজের ঘরবাড়ি ছেড়ে যেতে নারাজ অনেকেই।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে জেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের।
উল্লেখ্য গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা এবং সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে বন্যা।