মেয়েদের জন্য স্নাতক (অনার্স) পর্যন্তই ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

০৮ জুলাই, ২০২৬

স্নাতক (অনার্স) পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (০৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে মেয়েদের শিক্ষা এইচএসসি থেকে বাড়িয়ে অনার্স পর্যন্ত বিনামূল্যে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, শুধু বিনামূল্যে শিক্ষাই নয়, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহ দিতে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থাও করা হবে।

এ সময় প্রাথমিক শিক্ষার্থীদের জন্যও নতুন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।