বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়ল

১১ জুলাই, ২০২৬

টানা প্রবল বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা থাকায় বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার রাতে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসসহ বিভিন্ন ধরনের জানমালের ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে, গত ৬ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে পর্যটক ও জনসাধারণের ভ্রমণ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। পরে তা আরও ২ দিন বাড়িয়ে আগামী ১২ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।