বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাসের রহমান এমপির

১১ জুলাই, ২০২৬

মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

তিনি সরকারি সকল সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করে বন্যাদুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

নাসের রহমান বলেন, বন্যাকবলিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, শিশুখাদ্য এবং অন্যান্য জরুরি সামগ্রী নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে সর্বোচ্চ আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই একসঙ্গে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি।